নতুন দিন: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ-এ অনুষ্ঠিত হল দি আর্ট অফ লিভিং সেবা উদ্যোগ। সমাজসেবা ও মানবকল্যাণমূলক নানা কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা বিধানসভার দেবাংশু পান্ডা, প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং ত্যাগানন্দ জী মহারাজ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য শিবির, নারী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, নবচেতনা শিবির, মানসিক চাপমুক্তি বিষয়ক সেমিনার, বিনামূল্যে আইনি সহায়তা এবং দেশীয় বীজ বিতরণের মতো একাধিক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়। এই কর্মসূচিগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
ত্যাগানন্দ জী মহারাজ তাঁর বক্তব্যে মানুষের কর্ম ও চেতনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের উন্নতি নির্ভর করে তার কর্মের উপর এবং ইতিবাচক চিন্তাভাবনা ও সেবামূলক মানসিকতা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।
অন্যদিকে, বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে মানবসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, মেলা কিংবা জনকল্যাণমূলক কর্মসূচিতে সংগঠনের সদস্যরা সবসময় মানুষের পাশে দাঁড়ান। তিনি এই ধরনের উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের একাংশের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এবং মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বোধ জাগিয়ে তোলে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।






































