গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী।
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা – ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বনশ্যামনগর বেরার টেঁকা সংলগ্ন তিনমাথা নদী এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস। তাঁর বাড়ি কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের ‘এফবি সাবিত্রী’ নামে একটি মৎস্য ট্রলার গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়।
জামাইষষ্ঠীর বাজার উপলক্ষে ধরা মাছ নিয়ে ট্রলারটি কাকদ্বীপে ফিরছিল। শুক্রবার পাথরপ্রতিমায় ঢোকার মুখে তিনমাথা নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি। সেই সময় ট্রলারের মাথায় বসে থাকা অবস্থায় অসাবধানতাবশত নদীতে পড়ে যান কৃষ্ণ দাস বলে অভিযোগ। ঘটনার পরপরই ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এরপর দ্রুত বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকারের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। লঞ্চ ও ট্রলারের সাহায্যে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে নদী ও সংলগ্ন এলাকায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।
উদ্ধারকারী দল নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে। এদিকে কৃষ্ণ দাসের পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এলাকার বাসিন্দারাও তাঁর দ্রুত সন্ধান পাওয়ার আশায় প্রহর গুনছেন। নিখোঁজ মৎস্যজীবীর নিরাপদে ফিরে আসার প্রার্থনায় উদ্বিগ্ন পরিবার ও প্রতিবেশীরা।





































