দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুরে বিজেপির জনসংযোগ সভায় অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, আবাসন, রাস্তা ও নদীবাঁধ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তপন কুমার দাস, মথুরাপুর
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর অডিটোরিয়ামে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বিজেপির উদ্যোগে একটি জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা, মথুরাপুর-দেবীপুর অঞ্চলের কনভেনার মিঠুন হালদার, সরবেড়িয়া গ্রামের কনভেনার সুবীর ভাণ্ডারী, কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের কনভেনার সুবীর ভাণ্ডারী, সুশান্ত মণ্ডল, রাজীব হালদার, রতন হালদার, তপন কপাট, প্রভাস মিস্ত্রি, দিলীপ সাপুই-সহ অন্যান্য নেতা ও কর্মীরা।
সভায় প্রধান বক্তা হিসেবে পলাশ রানা অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার আওতায় আসেননি, তাঁদের তথ্য যাচাই করে প্রকল্পের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, সরকারি দপ্তর, আইসিডিএস এবং স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত যাঁদের ভাতা বৃদ্ধি হয়েছে, তাঁদের অন্নপূর্ণা যোজনার আওতার বাইরে রাখা হয়েছে।
এছাড়াও কাঁচা বাড়িতে বসবাসকারী যোগ্য পরিবারগুলিকে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এলাকার রাস্তাঘাট আরও প্রশস্ত ও পরিচ্ছন্ন করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। নদীমাতৃক অঞ্চলের নদীবাঁধ কংক্রিটের মাধ্যমে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।
সভায় বক্তারা দাবি করেন, অতীতে যে উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়নি, ভবিষ্যতে তা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয় এবং সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন উপস্থিত নেতৃবৃন্দ।





































