নতুন দিন: দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠিত হল নতুন রাজনৈতিক-প্রেক্ষাপটভিত্তিক “আজকের মুখ্যমন্ত্রী” চিত্রনাট্যের শুভ মহরৎ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজনার সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিরা। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হতে চলা এই নতুন প্রযোজনাকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।

চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মেদিনীপুরের পরিচালক শিব প্রসাদ রায়। নির্মাতাদের দাবি, বর্তমান সমাজ-বাস্তবতা, রাজনৈতিক পরিবর্তন এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই প্রযোজনায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশাকে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির একাধিক কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রী। অভিনয়ে রয়েছেন প্রতীক, প্রিন্স, রিদ্ধি মাধব, হিমাদ্রী, সমীরণ, শর্মিষ্ঠা, গৌরী, আমিকা, শান্তনা, বিশ্বজিৎ, সোমা, দেবেশ, রিক্ষা-সহ আরও অনেকে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মুখ এবং অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই প্রকল্পের অভিনয় দল।
প্রযোজকদের মতে, বর্তমান সময়ের নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে আজকের মুখ্যমন্ত্রী চিত্রনাট্য। দর্শকদের কাছে একটি অর্থবহ বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনোদনের দিকটিও সমান গুরুত্ব পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২৬ জুন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুটিং ও অন্যান্য কাজ শুরু হবে। রাজনৈতিক আবহ, সামাজিক বার্তা এবং সমসাময়িক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে তৈরি এই প্রযোজনা আগামী দিনে দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।






































