গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে মুক্তি স্বনির্ভর দলের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ১২টি ব্লকে ঋণ প্রদান কর্মসূচি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। গত বছর ৩৫টি গ্রাম পঞ্চায়েতের ৩৭টি ফোরামের আওতায় ৩,২২৭ জন মহিলাকে সাড়ে সাত কোটিরও বেশি টাকার ঋণ দেওয়া হয়। ঋণ যথাসময়ে পরিশোধ করায় এবার আরও বড় কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অন্যতম আকর্ষণ কার্যকর সুদের হার মাত্র ৪ শতাংশ। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ছয় মাস নিয়মিত সঞ্চয়ের পর সঞ্চিত অর্থের তিনগুণ পর্যন্ত ঋণ পান। নির্ধারিত কিস্তিতে ঋণ শোধ করলে সুদের একটি অংশ ফেরত দেওয়া হয়, ফলে ঋণের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যায়।
এই অর্থে বহু মহিলা ক্ষুদ্র ব্যবসা, পশুপালন ও কৃষিকাজে বিনিয়োগ করে পরিবারের আয় বাড়াচ্ছেন। পাশাপাশি বাড়ছে তাঁদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা।রায়দিঘী এলাকায় জবা কপাটের নেতৃত্বে ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রায় ৬০০ মহিলা যুক্ত রয়েছেন। ২০২৫-২৬ অর্থবর্ষে ৭৯ জন মহিলাকে প্রায় ১৬ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে। ফোরামের বার্ষিক সাধারণ সভায় আগামী দু’বছরে আরও বেশি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে
অর্থনৈতিক স্বাধীনতার হাত ধরে গ্রামবাংলার মহিলারা আজ আত্মনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন।

























