বিয়ের পরই বড় দায়িত্ব কাঁধে নিলেন বিজয়-রশ্মিকা, ১৮০ পড়ুয়ার শিক্ষার দায়িত্বে তারকা দম্পতি
দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে তাঁদের পেশাগত জীবন—সবকিছুই নিয়মিত চর্চার বিষয়। এবার সেই জুটিই সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন। বিয়ের পরপরই তাঁরা তেলেঙ্গানার একটি গ্রামে গিয়ে ১৮০ জন দুঃস্থ ও মেধাবী পড়ুয়ার শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছেন।
তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের তুম্মানপেট গ্রামটি বিজয়ের পরিবারের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি তাঁর বাবার জন্মভিটে। সেই আবেগ থেকেই রবিবার গ্রামটিতে উপস্থিত হন বিজয় ও রশ্মিকা। তাঁদের মূল উদ্দেশ্য ছিল গ্রামের নবম ও দশম শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং আর্থিক কারণে যাতে কারও পড়াশোনা ব্যাহত না হয়, তা নিশ্চিত করা।
‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ১৮০ জন পড়ুয়ার জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের হাতে সেই আর্থিক সহায়তার প্রতীকী চেক তুলে দেন এই তারকা দম্পতি। তাঁদের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রশ্মিকা। তিনি জানান, শ্বশুরের গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে শিশুদের জন্য কিছু করতে পারা তাঁর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা বলেন, দর্শকদের কাছ থেকে যে অগাধ ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তার কিছুটা ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। তাঁর কথায়, এই সহায়তা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু তিনি চান এই শিশুদের ভবিষ্যৎ গঠনের যাত্রার অংশ হতে। শুধু তুম্মানপেট নয়, আগামী দিনে এই প্রকল্পকে তেলেঙ্গানার আরও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দেওয়ার স্বপ্নও প্রকাশ করেন অভিনেতা।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের শুরুতে এই গ্রামেই একটি নতুন বাড়ি কিনেছিলেন বিজয় ও রশ্মিকা। গৃহপ্রবেশ ও সত্যনারায়ণ পুজোর সময় গ্রামবাসীদের সামনে শিশুদের শিক্ষার জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কয়েক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও একসঙ্গে পথ চলছেন এই জুটি। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর সাফল্যের পর পরিচালক রাহুল সংকীর্তায়নের নতুন ছবি ‘রণবালী’-তে আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের। ফলে সমাজসেবা ও সিনেমা—দুই ক্ষেত্রেই এখন আলোচনার কেন্দ্রে বিজয়-রশ্মিকা।

























