হরেকৃষ্ণ মন্ডল,ফালাকাটা: ফালাকাটায় জলস্বপ্ন পানীয় জল প্রকল্পকে কেন্দ্র করে একের পর এক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।

দক্ষিণ ফালাকাটা-সহ বিভিন্ন এলাকায় পাইপলাইন বসানো হলেও বহু বাড়িতে এখনও পর্যন্ত পানীয় জল পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোথাও জল সরবরাহ শুরু হলেও অধিকাংশ জায়গায় পাইপ ফেটে রাস্তায় জল নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।জানা গিয়েছে, ২০২০ সালে প্রায় ১৭কোটিরও বেশি টাকার বরাদ্দে এই প্রকল্পের কাজ শুরু হয়।
লক্ষ্য ছিল প্রায় ১২হাজার পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া।সেই উদ্দেশ্যে রিজার্ভার নির্মাণ, উন্নতমানের পাইপলাইন বসানো এবং প্রত্যেক উপভোক্তার বাড়িতে কল সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, নির্ধারিত তিনটি রিজার্ভারের পরিবর্তে তৈরি হয়েছে মাত্র দুটি। পাশাপাশি নিম্নমানের পাইপ ব্যবহারের ফলে বহু জায়গায় পাইপলাইন ফেটে গিয়েছে এবং মাটির যথাযথ গভীরে পাইপ না পোঁতার কারণে শহরের বিভিন্ন রাস্তায় পাইপ উপরে উঠে এসেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বহু রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানোর পর তা আর মেরামত করা হয়নি। সবচেয়ে গুরুতর অভিযোগ, প্রায় ১২ হাজার পরিবারের জল সংযোগের কথা থাকলেও বাস্তবে সংযোগ পেয়েছে প্রায় ৬ হাজার পরিবার। অভিযোগ, বাকি বহু পরিবারের আধার কার্ড সংগ্রহ করা হলেও বাস্তবে জল সংযোগ দেওয়া হয়নি।এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে শাসকদল।বিজেপির ফালাকাটা টাউন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা অভিযোগ করে বলেন,তৃণমূল নেতা, ঠিকাদার এবং সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মীর যোগসাজশে এই প্রকল্পে দুর্নীতি হয়েছে। বিষয়টি নিয়ে পিএইচই দপ্তর ও মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান।





































