দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর-১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রাঙ্গণে চারটি পঞ্চায়েত এলাকার প্রতিনিধিদের ও সাধারণ মানুষের উপস্থিতিতে একটি বৃহৎ আলোচনা সভার আয়োজন করা হয়।
তপন কুমার দাস, মথুরাপুর – সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কনভেনার পলাশ রানা। অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয় বলে আয়োজকদের দাবি। সভায় বক্তব্য রাখতে গিয়ে পলাশ রানা বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, আগামী ১৫, ১৬ ও ১৭ তারিখ কাশীনগর হাই স্কুলে একটি বিশেষ পরিষেবা শিবিরের আয়োজন করা হবে। সেখানে মোট ১৮টি সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবেন। তিনি আরও জানান, ওই শিবিরে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, নতুন রেশন কার্ড সংযোজনসহ বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত আবেদন ও সমস্যার নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত সরকারি সুবিধা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পলাশ রানা দাবি করেন, দীর্ঘদিন ধরে যেসব এলাকায় উন্নয়নের ঘাটতি রয়েছে, সেসব অঞ্চলের পরিকাঠামো ও জনপরিষেবা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নবগঠিত পঞ্চায়েতগুলিকে শক্তিশালী ও সুসংগঠিত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবি-দাওয়া তুলে ধরেন।
সব মিলিয়ে উন্নয়ন, জনপরিষেবা ও সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, আগামী দিনে এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি আরও বিস্তৃত আকারে আয়োজন করা হবে।

























