নতুন দিন – সুন্দরবন লাগোয়া কুলতলি এলাকার মৈপিঠ কোস্টাল থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফিরে পাওয়া সাধারণ মানুষ।

মোবাইল ফিরে পেলেন মালিকরা

জানা গিয়েছে, গত কয়েক মাসে মৈপিঠ কোস্টাল থানা এলাকায় একাধিক মোবাইল ফোন হারিয়ে যাওয়া ও চুরির অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি ও বিশেষ অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলগুলির সন্ধান পায় পুলিশ প্রশাসন।

বুধবার থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জয়নগর মহকুমার সিআই, মৈপিঠ কোস্টাল থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের বক্তব্য, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকায় সেই আশা আবার বাস্তবে পরিণত হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানান, সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিয়েই এই অভিযান চালানো হয়েছিল। ভবিষ্যতেও হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে একইভাবে উদ্যোগী থাকবে পুলিশ প্রশাসন। পাশাপাশি মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানোর পরামর্শও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *