ফরাক্কার মহাদেবনগরে কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল।
ফরাক্কা | নিজস্ব প্রতিবেদক : মহাদেবনগরে কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেলিম আলমের কংগ্রেসে যোগদান রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

কংগ্রেসের দাবি, ২০২১ সালে তাদের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই কার্যালয় পুনরায় নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে কংগ্রেস।
শনিবার মহাদেবনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও ফিতে কেটে পার্টি অফিসের উদ্বোধন করেন ফরাক্কার নবনির্বাচিত বিধায়ক মোতাব শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসির, কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সদস্য কালু শেখ, সোলেমান শেখ এবং এলাকার বহু কর্মী-সমর্থক।
এদিনের অনুষ্ঠানে উল্লেখযোগ্য ঘটনা ছিল মহাদেবনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেলিম আলমের কংগ্রেসে যোগদান। বিধায়ক মোতাব শেখ তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।
মোতাব শেখ বলেন, “দীর্ঘদিন ধরে কংগ্রেসের পার্টি অফিস তৃণমূলের দখলে ছিল। বর্তমানে তা পুনরায় কংগ্রেসের দখলে এসেছে। এলাকার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন।”
অন্যদিকে কংগ্রেস নেতা কালু শেখ বলেন, “যারা বলেছিল ফরাক্কায় কংগ্রেসের কোনও অস্তিত্ব থাকবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। আগামী দিনে আরও বহু কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরবেন। তবে সবাইকে দলে নেওয়া হবে না, দুর্নীতিগ্রস্তদের জন্য কংগ্রেসের দরজা খোলা নয়।”
অনুষ্ঠানে উপস্থিত কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহাদেবনগরে কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধার এবং তৃণমূলের এক অঞ্চল সভাপতির দলবদল আগামী দিনে ফরাক্কার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।














