হরেকৃষ্ণ মন্ডল,ফালাকাটা: রবিবার ছুটির দিন হলেও ফালাকাটায় অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও সহায়তা শিবিরে ছিল ব্যাপক ভিড়। সকাল থেকেই প্রচণ্ড গরম উপেক্ষা করে ফালাকাটা পুরসভা অফিসে ভিড় জমাতে দেখা যায় বহু মহিলাকে।

মূলত ২৫ থেকে ৫৯ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতিমাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার আশায় ফর্ম সংগ্রহ করতে পুরসভায় হাজির হন।এদিন পুরসভার কর্মীরা লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের হাতে আবেদনপত্র তুলে দেওয়ার পাশাপাশি কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কোথায় জমা দিতে হবে এবং কোন কোন নথি প্রয়োজন-সেই বিষয়েও বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। সকাল থেকেই পুরসভার কর্মীদের সক্রিয় সহযোগিতায় গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। যাঁদের নথিপত্র ও আবেদন সঠিকভাবে সম্পূর্ণ থাকবে, তাঁরা শীঘ্রই এই প্রকল্পের আওতায় প্রতিমাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।এই আর্থিক সহায়তার আশাতেই এদিন ফালাকাটা পুরসভা অফিসে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচণ্ড রোদের মধ্যেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাঁরা আবেদনপত্র সংগ্রহ করেন। প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।





































