নিজস্ব প্রতিবেদক, নয়া দিল্লি
নতুন দিন – দিল্লিতে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। বুধবার সন্ধ্যায় যন্তর মন্তরের কাছে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার যন্তর মন্তরে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা হঠাৎ তোলস্তয় মার্গের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁদের বাধা দেন। অভিযোগ, এরপরই উত্তেজিত হয়ে ওঠেন কয়েকজন বিক্ষোভকারী। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট, পাথর ও বোতল ছুড়তে শুরু করেন। এই ঘটনায় দুই জন সহকারী পুলিশ কমিশনার-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভিড়ের মধ্যে কয়েকজনের হাতে লাঠি, তরোয়াল এবং অন্যান্য ধারালো অস্ত্র ছিল। একের পর এক পাথর ছোড়া হলে আত্মরক্ষার্থে সীমিত বলপ্রয়োগ করতে বাধ্য হয় পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের পক্ষ থেকে দুই থেকে তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। টিয়ার গ্যাসের প্রভাবে ধীরে ধীরে বিক্ষোভকারীরা পিছিয়ে যান। এরপর কয়েক ঘণ্টার চেষ্টায় পুরো এলাকা নিয়ন্ত্রণে আনে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নতুন করে কোনও উত্তেজনা যাতে না ছড়ায়, সেই কারণে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সংঘর্ষের সময়কার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।





































