নতুন দিন: এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তির প্রেক্ষিতে রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দিঘীরপাড় অঞ্চলের উত্তর রঙ্গতবেড়িয়া মোজাদ্দিয়া মিশনে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন এবং নাগরিকত্ব ও ভোটার পরিচয় সংক্রান্ত নানা প্রশ্ন ও উদ্বেগ তুলে ধরেন।
উপস্থিত মানুষের বক্তব্য অনুযায়ী, তাঁরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং তাঁদের পরিবার বহু বছর ধরে এদেশে বসবাস করছেন। তবুও বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এবং ভবিষ্যতে ট্রাইব্যুনালের মুখোমুখি হওয়ার আশঙ্কা তাঁদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি সঙ্গে নিয়ে সভায় উপস্থিত হন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে হোসেন গাজী বলেন, সাধারণ মানুষকে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখতে হবে এবং অযথা আতঙ্কিত না হয়ে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। তিনি আরও জানান, যারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
তিনি বলেন, বৈধ ভোটারদের অধিকার রক্ষার প্রশ্নে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথ অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজে বিভেদ, উত্তেজনা বা হিংসা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দেশের সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে মানুষের অধিকার রক্ষার পক্ষে মত দেন। জনসভার শেষে উপস্থিত মানুষ নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী হোসেন গাজী, প্রবীর মণ্ডল, ইয়ামিন সরদার, মহাসিন, বাবলু লস্করসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।





































