নতুন দিন,৩ ১ মে – রবিবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার-এর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্থানীয় মানুষজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেন স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলাও, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন।

বিক্ষোভকারীদের দাবি, সাংসদ দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগ উঠেছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নামে বরাদ্দ হওয়া টাকা আত্মসাৎ করা হয়েছে এবং প্রকৃত উপভোক্তারা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। শুধু তাই নয়, স্থানীয়দের অভিযোগ—ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় ফাঁসানো এবং নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে সাধারণ মানুষের উপর।
এই ক্ষোভের জেরেই রবিবার সন্ধ্যায় কৃষ্ণচন্দ্রপুর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারা অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, ওই কার্যালয়ের ভেতরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল, যা সাধারণ মানুষের মধ্যে বণ্টন করা হয়নি।
ঘটনাস্থল থেকে সরকারি ত্রিপল, স্যানিটারি ন্যাপকিনসহ মহিলাদের ব্যবহারযোগ্য বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বাইরে নিয়ে আসেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন গোটা ঘটনার উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।






































